রাঙ্গুনিয়ার মানবাধিকার কর্মী ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাঙ্গুনিয়া উপজেলা শাখার জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নেতৃবৃন্দ। একই সঙ্গে এ হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
শনিবার (১৩ জুন ২০২৬) চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারে প্রকাশ্য দিবালোকে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মাকসুদুল হক চৌধুরী মাসুদ। তিনি বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা বেতাগী ইউনিয়ন শাখার সদস্য এবং যুবদল রাঙ্গুনিয়া উপজেলা শাখার জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
এক বিবৃতিতে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখা, রাঙ্গুনিয়া পৌরসভা শাখা ও বেতাগী ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ এ হত্যাকাণ্ডকে নৃশংস ও বর্বরোচিত উল্লেখ করে গভীর ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে তারা বলেন, সমাজ ও রাজনীতিতে অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় নিবেদিতপ্রাণ কর্মী মাকসুদুল হক মাসুদের হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
হত্যাকাণ্ডের নিন্দা ও বিচার দাবিতে বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আজাদ, কোষাধ্যক্ষ মুহাম্মদ ওসমান, প্রধান নির্বাহী সদস্য মুহাম্মদ শওকত আলী নূর, চীফ অব প্যানেল ল’ইয়ার মুহাম্মদ লিয়াকত আলী নূরসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন মানবাধিকার বেতাগী ইউনিয়ন শাখার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ আজম খান চৌধুরী, সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ ফজলুল করিম মিনা, নির্বাচন কমিশন সচিব দীপক জ্যোতি আইচ, প্যানেল মেডিয়েটর ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আহমদ চৌধুরী, বেতাগী ইউনিয়ন শাখার সভাপতি প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুল আলম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা জিয়াউর রহমান আহমদ উল্লাহ, রাঙ্গুনিয়া পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলে এহসান শামীম এবং পৌরসভা লিগ্যাল এইড বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মোরশেদুর রহমান চৌধুরী রোকনসহ অনেকে।
মানবাধিকার নেতৃবৃন্দ মরহুম মাকসুদুল হক চৌধুরী মাসুদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, নিহত মাকসুদুল হক মাসুদ বেতাগীর বিশিষ্ট শিক্ষক মরহুম খালেদ চৌধুরীর তৃতীয় পুত্র। তিনি বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পেয়ারুল হক চৌধুরী স্বপন ও বিএনপি নেতা নিজামুল হক চৌধুরী তপনের ছোট ভাই।