শিরোনামঃ

মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি: রাউজানে খুন রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদ, হত্যার প্রতিবাদে ইছাখালীতে সড়ক অবরোধ

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫)। শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাকসুদুল হক চৌধুরী মাসুদ রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী এলাকার মৃত খালেদ চৌধুরীর ছেলে। তিনি রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি আসন্ন উপজেলা চেয়ারম্যান নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে স্থানীয়ভাবে পরিচিত ছিলেন।

জানা গেছে, শনিবার দুপুরে পাহাড়তলী চৌমুহনী এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের ধারণা, কর্ণফুলী নদীর বালু উত্তোলন ও ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় এ হত্যাকাণ্ডের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন উপজেলা যুবদলের নেতাকর্মীরা। বিক্ষোভকারীরা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের নেতাকর্মীরা বলেন, “দলের সুসময়ে ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের এভাবে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।”

ঘটনাকে কেন্দ্র করে রাউজান ও রাঙ্গুনিয়ায় অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নজরদারি বাড়িয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL