মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের সন্দ্বীপে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) উপজেলার মগধরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জেগে ওঠা ভূমিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন।
উপজেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় মোট ২ লাখ ২২ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মাস্টার, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান, উপজেলা বন কর্মকর্তা নিজাম উদ্দিন, মগধরা ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলামসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত এ বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি দেশের পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা কর্মসূচির সফল বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।