শিরোনামঃ

উত্তর সন্দ্বীপের ১৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক মনিরুজ্জামান চৌধুরী শিমুলের ব্যতিক্রমী উদ্যোগ

ইলিয়াছ সুমন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: ইলিয়াছ সুমন
ছবি: ইলিয়াছ সুমন

শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং আগামী প্রজন্মকে উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উত্তর সন্দ্বীপের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৭ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
রোববার (৭ জুন) দুপুর ১২টায় গাছুয়া ইউনিয়নের গাছুয়া আবদুল খালেক একাডেমির মাঠে যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মনিরুজ্জামান চৌধুরী শিমুলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক ও সমাজসেবক মনিরুজ্জামান চৌধুরী শিমুল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার।
প্রধান অতিথির বক্তব্যে ওসি সুজন হাওলাদার বলেন, “মেধাবী শিক্ষার্থীদের সম্মানিত করার মাধ্যমে তাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা সৃষ্টি হয়। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের নৈতিক শিক্ষা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে বাউরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চেয়ারম্যান বলেন, “সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব শুধু পরিবারের নয়, সমাজেরও। সমাজের বিত্তবান ও প্রবাসীদের এ ধরনের উদ্যোগ শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
গাছুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম বলেন, “শিক্ষার্থীদের অর্জনকে মূল্যায়ন করলে তারা আরও ভালো ফলাফলের জন্য উৎসাহিত হয়। মনিরুজ্জামান চৌধুরী শিমুলের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”
সভাপতির বক্তব্যে মনিরুজ্জামান চৌধুরী শিমুল বলেন, “সন্দ্বীপের শিক্ষার্থীরা মেধা ও যোগ্যতায় দেশের যেকোনো অঞ্চলের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম। তাদের পাশে দাঁড়ানো এবং উৎসাহ দেওয়া আমাদের সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও শিক্ষা, মানবকল্যাণ ও সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. জাহিদুল মাওলা, বাউরিয়া গোলাম খালেক একাডেমির প্রধান শিক্ষক নুরছাপা, জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মাকছুদুর রহমান, সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন গাছুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকেয়া বেগম, গাছুয়া আবদুল খালেক একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছির উদ্দীন, গাছুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাউরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান জন্টু, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, যমুনা টেলিভিশনের সন্দ্বীপ প্রতিনিধি চারু মিল্লাতসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৭ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকরা বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ প্রদানের এ ধরনের আয়োজন শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL