চট্টগ্রামের সন্দ্বীপে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে একটি মাদ্রাসার পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আল আমিন (২৮) উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের খন্ডিল্লার গো বাড়ীর ছানাউল্লার ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সারিকাইত ইউনিয়নের বাংলা বাজার এলাকার মারকাজুল নুর আল ইসলামীয়া মাদ্রাসার প্রধান পরিচালক হিসেবে কর্মরত ছিলেন আল আমিন।ঈদুল আজহার ছুটির পর মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করলে ভুক্তভোগী শিশু তার মায়ের কাছে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ করে।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সন্দ্বীপ থানায় মামলা দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।