শিরোনামঃ

সন্দ্বীপে নারী প্রগতি সংঘের উদ্যোগে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস উদযাপন

সন্দ্বীপ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

“আসুন সবাই মিলে গড়ি মাসিকবান্ধব পৃথিবী” স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের সন্দ্বীপে বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল কবির সভাপতিত্ব করেন। এতে বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণে মাসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়।
নারী প্রগতি সংঘের উন্নয়ন কর্মকর্তা শাহিনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কেন্দ্র ব্যবস্থাপক মো. শামসুদ্দীন। পরে মাসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে ধারণাপত্র পাঠ করেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আতিকা জাহান দীপা।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সন্দ্বীপ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান নাদিম। তিনি মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার বর্তমান অবস্থা, এ-সংক্রান্ত নীতি ও উদ্যোগ, বয়ঃসন্ধিকাল, ঋতুস্রাব, যৌন ও প্রজনন স্বাস্থ্য, ব্যক্তিগত পরিচ্ছন্নতার গুরুত্ব এবং মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও সরকারের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
ডা. নাদিম বলেন, “মাসিক কোনো লজ্জার বিষয় নয়, এটি নারীর জীবনের একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। মাসিক না হওয়াই বরং অস্বাভাবিক। মাসিককালীন কোনো শারীরিক জটিলতা বা অস্বাভাবিকতা দেখা দিলে তা অভিভাবকদের জানাতে হবে এবং প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ বিষয়ে কোনো ধরনের সংকোচ বা লজ্জা রাখা উচিত নয়।”
সভায় আরও বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. বেলাল হোসাইন, সিনিয়র শিক্ষক গুলশাহানারা খানম, নারী প্রগতি সংঘের প্রোগ্রাম অর্গানাইজার মো. রাশেদ ও রাহুল কান্তি দাশ।
অনুষ্ঠানে বক্তারা মাসিক স্বাস্থ্য বিষয়ে সামাজিক কুসংস্কার ও সংকোচ দূর করে কিশোরীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্বাস্থ্যসম্মত মাসিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL