যে জাতীয় সংসদে আমার প্রিয় বাবা চারবার জনগণের প্রতিনিধিত্ব করেছেন, আজ সেই একই আঙিনায় দাঁড়িয়ে আমি গভীরভাবে আবেগাপ্লুত। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ গ্রহণের পর এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেন ব্যারিস্টার সাকিলা ফারজানা।
শপথ গ্রহণ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি দিনটিকে তাঁর জীবনের অন্যতম ঐতিহাসিক ও গর্বের দিন হিসেবে অভিহিত করেন। সাবেক হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের সুযোগ্য উত্তরসূরি সাকিলা ফারজানা বলেন, এই অর্জন কেবল তাঁর ব্যক্তিগত নয়, বরং এটি একটি আদর্শের বিজয় এবং জনগণের আস্থার প্রতিফলন।
বাবার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আমার বাবার ত্যাগ, সততা ও মানুষের প্রতি তাঁর অগাধ ভালোবাসা আমার পথচলার চিরন্তন প্রেরণা হয়ে থাকবে। তাঁর দেখানো পথেই আমি দেশের সেবা করে যেতে চাই।
তাঁর এই নতুন যাত্রায় তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়াকে। একইসঙ্গে প্রধানমন্ত্রী ও দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে সাকিলা ফারজানা বলেন, তাঁর নেতৃত্বে আমরা একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছি।
দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি অঙ্গীকার করেন যে, জনগণের অধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি সবসময় সামনের সারিতে থাকবেন। নিষ্ঠা ও সাহসিকতার সাথে মানুষের কল্যাণে কাজ করাই হবে তাঁর মূল লক্ষ্য।
ব্যারিস্টার সাকিলা ফারজানার এই শপথ গ্রহণের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পরিবার ও এলাকায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।