প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য কক্সবাজার সফরকে কেন্দ্র করে পেকুয়া, চকরিয়া ও জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আগামী ১৩ জুন এক দিনের সফরে তিনি কক্সবাজারে আসতে পারেন বলে সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।
এ সফরে পেকুয়া পৌরসভা ও নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
জানা গেছে, ১৩ জুন সকালে কক্সবাজারে পৌঁছানোর পর তিঁনি জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। সফরের শুরুতে পিএমখালী ইউনিয়নের পাতলী-মাঝারখালী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন।
স্থানীয়দের মতে, এ প্রকল্প বাস্তবায়িত হলে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।
এছাড়া ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সফরের একটি আবেগঘন অংশ হিসেবে জুলাই-২৪ আন্দোলনে কক্সবাজার জেলার প্রথম শহীদ পেকুয়ার সন্তান মো. ওয়াসিমের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করারও কর্মসূচি রয়েছে।
এরপর তিনি নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দীর্ঘদিন ধরে পৃথক উপজেলা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত এলাকাবাসীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
স্থানীয়দের বিশ্বাস, মাতামুহুরী উপজেলা বাস্তবায়িত হলে প্রশাসনিক সেবা আরও সহজলভ্য হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
পরে পেকুয়ায় এসে নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানা গেছে। পেকুয়া পৌরসভা বাস্তবায়নের মাধ্যমে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
সফরের শেষভাগে চকরিয়ায় একটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সেখানে স্থানীয় উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা চলছে।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গী পেকুয়ার সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সফরকে কেন্দ্র করে পেকুয়া ও চকরিয়ার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা, গণসংযোগ এবং প্রচারণামূলক কার্যক্রম চালানো হচ্ছে।
স্থানীয়দের মতে, তারেক রহমানের এই সম্ভাব্য সফর শুধু রাজনৈতিক দিক থেকেই নয়, বরং পেকুয়া, চকরিয়া ও কক্সবাজারের উন্নয়ন অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে। বিশেষ করে পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে এ অঞ্চলের প্রশাসনিক কাঠামো, নাগরিক সুবিধা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।