"ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের রামু উপজেলায় ১১টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। নতুন কুঁড়ি স্পোর্টস ক্লাব, রামু উপেজলার আয়োজনে এবং রামু উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১ টায় রামু উপজেলা পরিষদের বাঁকখালী অডিটোরিয়ামে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রামু উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাঈদ হোসাইন আকাশ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ লুৎফুর রহমান কাজল বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে খেলাধুলার মান উন্নয়নে বর্তমান সংসদীয় এলাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনকে নিয়মিতভাবে সহযোগিতা করা হবে।
তিনি আরো বলেন, রামু উপজেলার প্রত্যান্ত অঞ্চলে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে আজকের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পরে অতিথিবৃন্দ রামু উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ধরণের ক্রীড়া সামগ্রী (ফুটবল, ক্রিকেট ব্যাট, ভলিবল, ক্রিকেট সামগ্রী, দাবা, লুডু, স্কিপিং) তুলে দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া, উপজেলা বিএনপির সভাপতি মোকতার আহমেদ, উপজো বিএনপির সাধারন সম্পাদক আবুল বশর বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু নাঈম মোঃ হারুন, উপজেলা যুব উন্নয়ন রামু প্রেস ক্লাব সভাপতি আবুল কাশেমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিশিষ্ট ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ, শিক্ষক, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।