পার্বত্য অঞ্চলের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাঙামাটির লংগদু উপজেলার রাজনগর এলাকায় বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর উদ্যোগে আয়োজিত এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের অসহায়, দরিদ্র এবং পিছিয়ে পড়া মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
রাজনগর ব্যাটালিয়নের মেডিক্যাল টিম বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। এদিন মোট ৪৮ জন পুরুষ, নারী ও শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেন।
চিকিৎসাসেবার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা, রোগ প্রতিরোধ এবং সুস্থ জীবনযাপনের বিষয়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
স্থানীয়রা জানান, দুর্গম পার্বত্য এলাকায় এ ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক। তারা নিয়মিত এমন স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে মানবিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।