রাঙ্গামাটির লংগদুতে লংগদু মোটরসাইকেল মালিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৯৪৫ জন ভোটারের মধ্যে ৭১৫ জন ভোট প্রদান করেন।
নির্বাচনে ৬টি পদে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে মঞ্জুরুল হক ৩৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জালাল হোসেন পান ৩১১ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোঃ বিপ্লব ইসলাম ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আমির হোসেন পান ২৩৯ ভোট।
এছাড়া যুগ্ম সম্পাদক পদে জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মোঃ আল ইসলাম রাজু এবং প্রচার সম্পাদক পদে ফোরকান আহমেদ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন লংগদু উপজেলা সমবায় অফিসার নুর মোহাম্মদ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ শাহ আলম মুরাদ।
শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সমিতির সদস্যরা।