রাঙামাটির লংগদু উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৭ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের নাজিম টিলা সংলগ্ন পরিত্যক্ত এপিবিএন ক্যাম্পের সামনে ইসলামাবাদ-লংগদু সড়কে এ অভিযান পরিচালনা করে লংগদু থানা পুলিশ।
পুলিশ জানায়, রাঙামাটি জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়ার নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে এসআই (নিরস্ত্র) সঞ্জিৎ কুমার মণ্ডল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।
অভিযানকালে মাইনীমুখ ইউনিয়নের আলতাফ মার্কেট এলাকার বাসিন্দা মো. বাবু মিয়া (২৬)-কে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং জব্দ তালিকার মাধ্যমে সেগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় লংগদু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে শুক্রবার (৩১ জুলাই) আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়ার বলেন,মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে তাদের 'জিরো টলারেন্স' নীতি অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান চলবে।