খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ১৮ বছর বয়সী এক তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি আচিংমং মারমা ওরফে চিংমং মারমাকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ১৯ আগস্ট (২০২৬) বিকেল ৫টা ১০ মিনিটে ফেনী জেলার সদর থানাধীন লেমুয়া মাস্টার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সদস্যদের সহযোগিতায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ মোশাররফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃত আচিংমং মারমা লক্ষ্মীছড়ি সদর ইউনিয়নের মংহলা পাড়ার মংথুইঞো মারমার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই বিকেলে ভিকটিম ও তার ১৭ বছর বয়সী ছোট বোন মানিকছড়ি মহামুনি এলাকার একটি শিশু পার্কে বেড়াতে যান। পার্ক থেকে ফেরার পর তাদের নামিয়ে দেওয়া মোটরসাইকেল চালকের সঙ্গে ছোট বোনের প্রেমের সম্পর্ক রয়েছে—এমন মিথ্যা সন্দেহে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরবর্তীতে স্থানীয় কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করে দেন।
তবে আসামিরা সেই সিদ্ধান্ত অমান্য করে ভিকটিমকে শান্তিবাহিনীর হাতে তুলে দেওয়ার হুমকি দিয়ে লক্ষ্মীছড়ি সদর ইউনিয়নের মংহলা পাড়া যাত্রী ছাউনীর ভেতর নিয়ে যায়। সেখানে গত ৮ আগস্ট রাত আনুমানিক ১টার দিকে ১ নম্বর আসামি আচিংমং মারমা ভিকটিমকে মারধর ও গলা চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় মামলার ২ ও ৩ নম্বর আসামি রাস্তার পাশে দাঁড়িয়ে পাহারা দেয়।
এ ঘটনায় লক্ষ্মীছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০ ধারায় একটি মামলা (এফআইআর নং-১, জি আর নং-৮, তারিখ: ০৯/০৮/২০২৬) রুজু হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।