খাগড়াছড়ি জেলা পরিষদের নবগঠিত পরিষদের সদস্য হিসেবে মনোনীত হওয়ায় দেব রানী চাকমাকে সংবর্ধনা দিয়েছে লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার স্থানীয় এক ভেন্যুতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য নিযুক্ত খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি দেব রানী চাকমা। লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সভাপতি ফোরকার হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোবারক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
সংবর্ধনা সভায় বক্তারা নবনিযুক্ত সদস্য দেবরানী চাকমাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সাথে খাগড়াছড়ি আসনের সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া এবং বিএনপি নেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন তারা।
বক্তারা উল্লেখ করেন,
দেবরানী চাকমা লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান রবি ভূষণ চাকমার কন্যা। উপজেলা গঠনে তার বাবার ঐতিহাসিক অবদান স্মরণ করে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বাবার পদাঙ্ক অনুসরণ করে তিনি লক্ষ্মীছড়ির উন্নয়ন ও জনকল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবেন। এছাড়া, ইতিপূর্বে দুর্গম বর্মাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি জেলা পরিষদ থেকে উপজেলার সার্বিক উন্নয়নে অবদান রাখবেন বলেও তারা অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ লক্ষ্মীছড়ির সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত নানা সমস্যার কথা তুলে ধরে এসব খাতের দ্রুত উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য দেব রানী চাকমার দৃষ্টি আকর্ষণ করেন।
সংবর্ধনা সভায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।