বান্দরবানের লামায় সাম্প্রতিক ভারী বর্ষণে পাহাড়ধসে নিহত ৫ জনের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী এমপি। একই সঙ্গে তাদের আর্থিক সহায়তাও দিয়েছেন তিনি।
উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায় পাহাড় ধসে নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় তাঁদের বাড়িত গিয়ে দেখা করেছেন বান্দরবানের সাংসদ সাচিংপ্রু জেরী। এ সময় তিনি তাঁদের সান্ত্বনা দেন।
নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা এমপি'র কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় সাংসদ আবেগাপ্লুত হয়ে পড়েন। নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের কথা শুনে সাংসদ এর চোখে অশ্রু গড়িয়ে পড়ে।
লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাইছার হামিদ, লামা পৌরসভার
সাবেক মেয়র মোঃ আমির হোসেন, সরকারি কর্মকর্তা, জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি'র নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
এসময় ঘরবাড়ি মেরামতের জন্য দুই পরিবারকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং আজিজনগর ইউনিয়নের মহিলা মেম্বার রেহেনা আক্তার পাহাড় ধসে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকায় তাকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
সাংসদ সাচিংপ্রু জেরী সাংবাদিকদের ব্রিফিং এর সময় জানান, তারেক রহমানের নির্দেশে আমি আজকে এখানে এসেছি। দুর্যোগের এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।