বান্দরবানের লামায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনে খাবার বিতরণ করেছেন বান্দরবান ৩০০ আসনের এমপি সাচিং প্রু জেরী।
শনিবার (১১ জুলাই) দুপুরে লামা পৌরসভায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এমপি সাচিং প্রু জেরী। এসময় তিনি লামা উপজেলা পরিষদ হল রুমে বন্যাদুর্গত মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের দুর্ভোগের কথা শোনেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুকনা খাবার বিতরণ করেন।
এসময় অবস্থানরত বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা লাইনে দাঁড়িয়ে খাবার নেন।
লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাইছার হামিদ, লামা পৌরসভার
সাবেক মেয়র মোঃ আমির হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া, সরকারি কর্মকর্তা, জেলা, উপজেলা বিএনপি ও সগযোগি সংগঠনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
স্থানীয় এলাকাবাসী জানায়, আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। এমন কঠিন সময়ে সংসদ সদস্যকে সরাসরি পাশে পেয়ে এবং দ্রুত ত্রাণ সহায়তা পাওয়ায় তারা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন।
সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন,আকস্মিক বন্যায় অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে, তাদের ফসলি জমি ও পশু-পাখির ক্ষতি হয়েছে। পাহাড়ধস সহ ব্যবসায়ীদের আর্থীক ভাবে ক্ষতি হয়েছে। তাদের দুর্ভোগ লাঘবে সরকার, সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ'রা কাজ করছেন। আশার কথা হচ্ছে বন্যার পানি কমতে শুরু করেছে। বন্যা পরবর্তী সময়ে ত্রাণ ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সবাই মিলে এ দুর্যোগ মোকাবিলা করবো।