শিরোনামঃ

৪০ হাজার টাকার পুঁজিতে শুরু করে মাছ চাষে সফল উদ্যোক্তা জমির উদ্দিন

নুর ​মিনহাজ উদ্দিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দৃঢ় মনোবল আর সঠিক পরিকল্পনায় সফল উদ্যোক্তা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রামের লোহাগাড়ার জমির উদ্দিন (৪২)। চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের তাঁতি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মৎস্য চাষে আত্মনিয়োগ করে এলাকায় স্বাবলম্বী হওয়ার অনন্য নজির সৃষ্টি করেছেন তিনি।

আধুনগর ইউনিয়নের দক্ষিণ হরিনা চেয়ারম্যান পাড়ার আমির আহমদের ছেলে জমির উদ্দিন ২০২২ সালে মাত্র ৪০ হাজার টাকা পুঁজি নিয়ে মাছ চাষ শুরু করেন। প্রাথমিক পর্যায়ে ৩.১৬ বিঘা জমিতে মৎস্য চাষ শুরু করে ভালো ফলন ও মুনাফা পান তিনি। সেই অনুপ্রেরণায় পরবর্তীতে খামারের পরিধি আরও বিস্তৃত করার উদ্যোগ নেন।

বর্তমানে তাঁর মৎস্য খামার দুটি প্রধান এলাকায় পরিচালিত হচ্ছে। এর মধ্যে আধুনগর ৯নং ওয়ার্ডের দক্ষিণ হরিনা চেয়ারম্যান পাড়া সংলগ্ন এলাকায় ৩ বিঘা জমিতে ১ ও ২ নম্বর প্রকল্প এবং চুনতি ৮নং ওয়ার্ডের দক্ষিণ চান্দা বারেক টেক সংলগ্ন পাহাড়ের পাদদেশে ৪.১২ বিঘা জমিতে ১, ২ ও ৩ নম্বর প্রকল্প গড়ে তুলেছেন তিনি।

স্বল্প পুঁজি দিয়ে শুরু করে সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জমির উদ্দিন আজ একজন সফল খামারি। চাকরির পেছনে না ছুটে মাছ চাষের মতো লাভজনক উদ্যোগে যুক্ত হয়ে কীভাবে স্বাবলম্বী হওয়া যায়, তাঁর এই সাফল্য স্থানীয় বেকার যুবকদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

এ বিষয়ে জমির উদ্দিন বলেন, "২০২২ সালে মাত্র ৪০ হাজার টাকা দিয়ে যখন ৩.১৬ বিঘা জমিতে প্রথম মাছ চাষ শুরু করি, তখন অনেকেই ভেবেছিলেন ঝুঁকি হয়ে যাবে। কিন্তু নিজের ওপর বিশ্বাস আর কঠোর পরিশ্রমের ফল আজ আমি পেয়েছি। বর্তমানে আধুনগর ও চুনতিতে আমার একাধিক প্রজেক্টে সফলভাবে মাছ চাষ চলছে। যুবসমাজকে বলব, চাকরির পেছনে না ছুটে স্বল্প পুঁজি নিয়েই সঠিক পরিকল্পনা করে উদ্যোক্তা হলে দেশ ও সমাজের পাশাপাশি নিজের ভবিষ্যৎও উজ্জ্বল করা সম্ভব।"

লোহাগাড়া উপজেলা মৎস কর্মকর্তা তানবীর আহসান বলেন, "জমির উদ্দিনের মতো উদ্যোক্তারা আমাদের মৎস্য খাতের অগ্রযাত্রায় বড় ভূমিকা রাখছেন। মাত্র ৪০ হাজার টাকা দিয়ে শুরু করে তিনি যেভাবে আধুনগর ও চুনতিতে একাধিক প্রকল্পের মাধ্যমে সফল হয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে আমরা তাঁর খামারের নিয়মিত খোঁজখবর রাখছি এবং আধুনিক মৎস্য চাষ বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছি। তরুণ ও বেকার যুবকেরা যদি এভাবে আধুনিক পদ্ধতিতে মাছ চাষে এগিয়ে আসেন, তবে দেশে আমিষের চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।"

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL