বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রুহুল কবির রিজভী মনোনীত হওয়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত আনন্দ মিছিলে লোহাগাড়া উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মীকে সাথে নিয়ে যোগদান করেছেন চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা অ্যাডভোকেট এরফানুর রহমান।
বিকেল ৩টায় কর্ণফুলী উপজেলার আনোয়ারা ক্রসিং সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিকে কেন্দ্র করে অ্যাডভোকেট এরফানুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে একটি সুসংগঠিত মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।
সমাবেশ ও মিছিলে অংশগ্রহণকালে নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করেন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় লোহাগাড়া উপজেলা এবং দক্ষিণ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের শীর্ষ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।