শিরোনামঃ

জাটকা আহরণে বিরত রাখতে সন্দ্বীপ পৌরসভায় জেলেদের মাঝে চাল বিতরণ

ইলিয়াছ সুমন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: ইলিয়াছ সুমন
ছবি: ইলিয়াছ সুমন

চট্টগ্রামের সন্দ্বীপে জাটকা আহরণ থেকে জেলেদের বিরত রাখতে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সন্দ্বীপ পৌরসভা কার্যালয়ে এ কর্মসূচির আওতায় ২২০ জন জেলের মাঝে চাল বিতরণ করা হয়।
পৌরসভার প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) আবদুল্ল্যাহ আল মামুনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে প্রত্যেক জেলেকে প্রায় ৪০ কেজি করে চাল প্রদান করা হয়। সংশ্লিষ্টরা জানান, জাটকা সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এ সহায়তা দেওয়া হচ্ছে, যাতে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকেন।
এ সময় আবদুল্ল্যাহ আল মামুন বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষায় জাটকা আহরণ থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। সরকার ঘোষিত নিষেধাজ্ঞা মেনে চললে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে এবং জেলেদের জীবনমানেরও উন্নয়ন ঘটবে।
তিনি আরও বলেন, জেলেদের সহায়তায় সরকারের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং তাদের সার্বিক সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসকের সহায়তা কমিটির সদস্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা  মো. মোহসীন আলম,
পৌর নির্বাহী কর্মকর্তা কৌশিক বরুয়া  ও প্রকৌশলী এস এম রবিউল ইসলামসহ অন্যান্যরা।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম জেলেদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL