চট্টগ্রামের সন্দ্বীপে বিদেশ ফেরত কর্মীদের দক্ষতা উন্নয়ন ও পুনঃকর্মসংস্থানের লক্ষ্যে এক মাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), সন্দ্বীপের কনফারেন্স রুমে Recovery & Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের Reintegration of Returning Migrants কার্যক্রমের আওতায় বিদেশ ফেরত কর্মীদের জন্য EIM ও Plumbing অকুপেশনে আয়োজিত এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল আল মামুন, সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ সুজন হালদার এবং প্রবাসী কল্যাণ সেন্টার, চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আতিকুল আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন আহসান জামিল টেকনিক্যাল সেন্টারের অধ্যক্ষ কামরুল হাসান, বদরশাহ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যক্ষ মাহবুবুল মাওলা-সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) সন্দ্বীপের অধ্যক্ষ প্রকৌশলী মুহাম্মদ শরফুদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদেশ ফেরত কর্মীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে পুনরায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
এ সময় প্রশিক্ষণার্থী, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।