শিরোনামঃ

সড়কের সংযোগ থেকে কালভার্ট বিচ্ছিন্ন,রাস্তা ও চলাচল অযোগ্য দ্রুত সংস্কারের দাবি

ইলিয়াছ সুমন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: ইলিয়াছ সুমন
ছবি: ইলিয়াছ সুমন

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ১৭ নম্বর মগধরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নামার বাজার দক্ষিণ এলাকায় কমলা সড়কের শেষ অংশে খালের ওপর নির্মিত একটি বক্স কালভার্ট ভেঙে দীর্ঘদিন ধরে দুর্ভোগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। টানা বর্ষণ ও প্রবল জোয়ারের কারণে সড়কের সঙ্গে কালভার্টের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বর্তমানে এলাকাটির রাস্তা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবল জোয়ারের পানি ও টানা বৃষ্টিপাতের কারণে কালভার্টের দুই পাশের মাটি সরে যায়। এতে কাঁচা সড়কের সঙ্গে কালভার্টের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সময়ের ব্যবধানে পরিস্থিতির আরও অবনতি ঘটে এবং একপর্যায়ে কালভার্টটির একটি অংশ ভেঙে যায়। ফলে স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় তিন বছর আগে কালভার্টটিতে ফাটল ও ক্ষয়ের চিহ্ন দেখা দিলেও এখন পর্যন্ত কোনো সংস্কার কার্যক্রম শুরু হয়নি। স্থানীয়দের অভিযোগ, জনসাধারণের গুরুত্বপূর্ণ এই যোগাযোগ মাধ্যমটি দীর্ঘদিন ধরে অচল থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

এলাকাবাসী জানান, নামার বাজার দক্ষিণ এলাকার মানুষের যাতায়াতের জন্য কালভার্টটি ছিল অন্যতম প্রধান মাধ্যম। এটি অচল হয়ে যাওয়ায় প্রতিদিন শিক্ষার্থী, কর্মজীবীসহ সাধারণ মানুষকে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়।
জানা গেছে, ২০১৭ সালে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় কমলা সড়কের সর্ব দক্ষিণে খালের ওপর বক্স কালভার্টটি নির্মাণ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস প্রকল্পটি বাস্তবায়ন করে।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয়দের দাবি, জনদুর্ভোগ বিবেচনায় দ্রুত ভাঙা কালভার্টটি সংস্কার করে এলাকার যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হোক।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL