“অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সন্দ্বীপে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী মো. মহিউদ্দিন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল খালেক, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আলম, নারী প্রগতি সংঘের অঞ্চল প্রধান শামসুদ্দিন, ইফসার ব্যবস্থাপক হুমায়ুন কবির, নিজেরা করি’র অঞ্চল প্রধান এরফান আলী, ডিবিসি এনজিওর ম্যানেজার হারুনুর রশীদ, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব কামরুল হাসান, সাংবাদিক ইলিয়াস কামাল বাবু, সারিকাইত ইউপি প্রশাসনিক কর্মকর্তা জাবেদ হোসেন, বাউরিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কালাপানিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা জিল্লুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যকারিতা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। এতে সাধারণ মানুষের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে।
তারা আরও বলেন, গ্রাম আদালত সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি এ বিষয়ে প্রচারণা ও জনসম্পৃক্ত কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।