সন্দ্বীপে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক/বালিকা) ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় বালক বিভাগে চর বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে ওমদা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বালিকা বিভাগে আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে কাটগড় জি.এন সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-সন্দ্বীপ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমার সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিন ও শরীফুল ইসলাম।
উপজেলার ১৫টি ইউনিয়নের ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী বালক ও বালিকা দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।