চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন–জালালাবাদ আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে সিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা যৌথ অভিযানে অনলাইন প্রতারণার বিভিন্ন ডিভাইসসহ ৬৩(তেষট্টি) জনকে গ্রেফতার করেছে।
আটককৃতদের বিষয়ে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে সিএমপি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, ভবনটিতে বিদেশি নাগরিকদের উপস্থিতি এবং সেখানে সন্দেহজনক কার্যক্রমের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
তার আগে বৃহস্পতিবার রাতে কাউন্টার টেরোরিজম ইউনিট ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। অভিযানে ল্যাপটপ ও মোবাইল ফোন মিলিয়ে প্রায় ৭০টি ডিভাইস জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে লাওস, চীন, পাকিস্তানসহ আরো কয়েক দেশের নাগরিক রয়েছে।
ওই ভবনের মালিক মধ্যপ্রাচ্যে থাকেন। বাংলাদেশি নাগরিকের মাধ্যমে তারা বাসা ভাড়া নেয়। এসব বিদেশি নাগরিকরা অনলাইন প্রতারণার জন্য সব প্রয়োজনীয় জিনিসপত্র স্থাপন করেছে। তারা বিভিন্ন অনলাইন মাধ্যমে চাকরি, জুয়া, বিদেশে কর্মসংস্থানের প্রলোভনসহ নানা ভাবে প্রতারণার ফাঁদ পাতে। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের হবে। আটককৃতদের মধ্যে চীনা নাগরিক ৫ জন, ৩৫ জন লাওসের নাগরিক। এ ছাড়া পাকিস্তানের ২১ জন, নেপাল ও ভিয়েতনামের ১ জন করে নাগরিক রয়েছেন। এদের মধ্যে আবার ২০ জন নারীও রয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, প্রায় দেড় মাস পূর্বে খুলশী থানাধীন কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪নং রোডের দুবাই প্রবাসীর ১নং বাড়িটি ভাড়া নিয়ে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ব্যবহার করে আসছিল।
অরাধমূলক কার্যক্রম নির্বিঘ্নে ও নিরাপদে পরিচালনার জন্য বিভিন্ন ধরনের লজিস্টিক সহায়তা প্রদানকারী দেশীয় ও বিদেশি সহযোগী রয়েছে।
এখানে আসার পর তাদের সবার পাসপোর্ট বাংলাদেশি সহযোগিতাকারীদের হাতে জমা রাখা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
এসব সহযোগীদের মধ্যে আরও কয়েকজন অজ্ঞাতনামা পলাতক আসামি চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থান করছে বলে জানায়। গ্রেফতারকৃত এবং সহযোগী পলাতক আসামীরা একে অপরের পরস্পর যোগসাজসে তথ্য প্রযুক্তির সহায়তায় সংঘবদ্ধভাবে আর্থিক প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে অর্থ আত্মসাৎ, আইনানুগ কর্তৃত্ব বর্হিভূত ই-ট্রানজেকশনের মাধ্যমে অপরাধ সংঘটন করে আসছিল।বাংলাদেশি সহযোগিতাকারীদেরকে আটকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে খুলশী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।