চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণ করে ধর্ষণ ও সাইবার সুরক্ষা আইনে করা মামলার প্রধান আসামি মো. মাসুদ রানাকে (৩৫) হাটহাজারী থেকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
শনিবার (১২ সেপ্টেম্বর) র্যাব-৭ চট্টগ্রাম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
মাসুদ রানা (৩৫) রাউজান থানার সুলতানপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে।
র্যাব-৭, চট্টগ্রাম এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, রাঙ্গুনিয়া মডেল থানায় দায়ের করা অপহরণ করে ধর্ষণ ও সাইবার সুরক্ষা আইনের মামলার প্রধান আসামি মাসুদ রানা হাটহাজারী এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে হাটহাজারী থানার সুবেদার পুকুরপাড় এলাকার আনোয়ারা ম্যানশনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
মাসুদ রানা রাঙ্গুনিয়া থানার মামলা নম্বর-১১( ২৭ নভেম্বর ২০২৫) এর এজাহারনামীয় এক নম্বর আসামি।
গ্রেফতারের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মাসুদ রানাকে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।