শিরোনামঃ

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমাধ্যমের মূল শক্তি: ইউএনও বায়েজিদ

লোহাগাড়ায় দৈনিক দিনকালের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেলোয়ার হোসেন রশিদী
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সত্য, বস্তুনিষ্ঠতা ও পেশাগত দায়িত্বশীলতার মাধ্যমে মানুষের কথা তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ বিন আখন্দ। তিনি বলেছেন, একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের বিকল্প নেই।

জাতীয় দৈনিক দিনকাল-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় লোহাগাড়া উপজেলা বিআরডিবি হলরুমে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে অতিথি ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

প্রধান অতিথি ইউএনও বায়েজিদ বিন আখন্দ বলেন, সাংবাদিকরা সমাজের অসংগতি, অনিয়ম ও মানুষের সমস্যা তুলে ধরে রাষ্ট্র ও সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, বস্তুনিষ্ঠতা ও পেশাগত নীতিমালা অনুসরণ করা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, গণমাধ্যমের শক্তি মানুষের আস্থা। সেই আস্থা ধরে রাখতে হলে কোনো ধরনের চাপ, প্রভাব বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে হবে। একই সঙ্গে তিনি স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সেলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব শাব্বির আহমেদ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক এস এম জাকারিয়া, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান চৌধুরী মো. সালেহ এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা সভাপতি অধ্যাপক হামিদুর রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে লোহাগাড়া প্রেসক্লাবের সদস্য সচিব অধ্যাপক পুষ্পেন চৌধুরী, সাবেক সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শাহাজাদা মিনহাজ, লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম হোছাইন মেহেদী, সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, দৈনিক দিনকাল পাঠক ফোরামের সাধারণ সম্পাদক আরমানুল ইসলাম নবাব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজান, লোহাগাড়া প্রেস ইউনিটের সভাপতি নুরুল আলমসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যম কেবল সংবাদ প্রকাশের মাধ্যম নয়; এটি মানুষের অধিকার, সমাজের অনিয়ম এবং রাষ্ট্রের বিভিন্ন স্তরের জবাবদিহি নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। তাই গণমাধ্যমকে আরও স্বাধীন, দায়িত্বশীল ও জনবান্ধব করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা দৈনিক দিনকালের প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে দেশ ও মানুষের কথা তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষপর্বে অতিথি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি ইউএনও মো. বায়েজিদ বিন আখন্দ।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL