চট্টগ্রামে অপহরণের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ৭ বছর বয়সী শিশু ওয়াসিফাকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। জেলা পুলিশের পরিকল্পিত ও শ্বাসরুদ্ধকর অভিযানে এই সাফল্য আসে। অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার। অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অংশ নেন।
পুলিশ সূত্র জানায়, শিশুটি অপহৃত হওয়ার পরপরই ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়। চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের প্রত্যক্ষ নির্দেশনায় একাধিক টিম গঠন করা হয়। প্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং মাঠপর্যায়ের নিবিড় অভিযানের মাধ্যমে অপহরণকারীদের গতিবিধি শনাক্ত করে পুলিশ।
এরপর ধারাবাহিক অভিযানের একপর্যায়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অপহৃত শিশু ওয়াসিফাকে সম্পূর্ণ সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। শিশুটিকে উদ্ধার করার পর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
জেলা পুলিশের কর্মকর্তারা জানান, অপহরণের মতো স্পর্শকাতর ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণেই এত অল্প সময়ের মধ্যে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অভিযানে অংশ নেওয়া প্রতিটি ইউনিট সমন্বিতভাবে কাজ করায় সফলতা আসে।
পুলিশ সুপার মাসুদ আলম জানান, অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অপহৃত শিশুকে দ্রুত উদ্ধার করায় জেলা পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন এলাকাবাসী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।