চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়াতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে উদ্যোগী হয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে আগামী বৃহস্পতিবার এলাকায় একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার (৭ জুন) জঙ্গল সলিমপুর এলাকার আলিনগর প্রাথমিক বিদ্যালয় ও আলিনগর উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এসপি এ ঘোষণা দেন।
সভায় শিক্ষার্থীরা আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে একটি প্রীতি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ও ইচ্ছার কথা এসপির কাছে তুলে ধরে। একইসাথে তারা খেলার সরঞ্জামসহ প্রিয় দল ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি প্রদানের অনুরোধ জানায়। শিক্ষার্থীদের এই আগ্রহকে সাধুবাদ জানিয়ে এসপি মো. মাসুদ আলম টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতার আশ্বাস দেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে জেলা পুলিশ সুপার বলেন, "শিক্ষা ও খেলাধুলা একজন শিক্ষার্থীর সামগ্রিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় থাকা অত্যন্ত জরুরি। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার পথ অবলম্বন করেই তোমাদের জীবনে সফল হতে হবে।"
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময়ের সময় তিনি বলেন, শিক্ষার্থীদের একটি সুন্দর, নিরাপদ ও ইতিবাচক পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পরিদর্শনকালে পুলিশ সুপার শিক্ষার্থীদের সাথে খোলামেলা আলোচনা করেন এবং তাদের স্বপ্ন, নিরাপত্তা, ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে অংশ নেন, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করে।
জঙ্গল সলিমপুর এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার এবং এলাকাকে মাদক ও অপরাধমুক্ত রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।