প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় সম্প্রতি সময়ে নতুন উপজেলা হিসেবে কক্সবাজারের মাতামুহুরী উপজেলা অনুমোদন দেন সরকার। এরই আলোকে উপজেলার সাতটি ইউনিয়নের দুই লক্ষাধিক অধিক জনগোষ্ঠীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে। জনগণের দূরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে নিরাপদ ও পরিকল্পিত অবকাঠামো গড়ে তুলতে বর্তমান সরকার অতিদ্রুত সময়ে নতুন উপজেলার প্রশাসনিক ভবনগুলো নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। এ লক্ষ্যে নবগঠিত মাতামুহুরী উপজেলার বিভিন্ন স্থানের ভৌগোলিক অবস্থা, যোগাযোগ ব্যবস্থা ও জনসাধারণের সুবিধা বিবেচনায় নিয়ে সম্ভাব্য প্রশাসনিক ভবন নির্মাণের অতিগুরুত্বপূর্ণ স্থানগুলো সরেজমিন পরিদর্শন করেছেন জেলার শীর্ষ দুই কর্মকর্তা ডিসি ও পুলিশ সুপার।
মঙ্গলবার (২জুন) বিকেলে বিএমচর-কোনাখালীস্থ বটতলী স্টেশন এলাকায় নবগঠিত মাতামুহুরী উপজেলার প্রশাসনিক ভবন নির্মাণের সম্ভাব্য বিভিন্ন স্থানগুলো পরিদর্শন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো: আ: মন্নান ও পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।
এসময় সাথে ছিলেন সদ্য নিয়োগপ্রাপ্ত নবগঠিত মাতামুহুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, চকরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেব, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) এএসপি অভিজিৎ দাশ, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, অবিভক্ত বিএমচর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা আজিজুল হক মধুসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন ব্যক্তিবর্গ।
মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার কাছে জানতে চাইলে তিনি জানান, নবগঠিত মাতামুহুরী উপজেলার সংশ্লিষ্ট সরকারি উপজেলা পরিষদের মূল ভবনের স্থান, ভূমি অফিস, থানা, ফায়ার সার্ভিস স্টেশনের জায়গাসহ বিভিন্ন সম্ভাব্য স্থানগুলো সরেজমিনে ঘুরে দেখেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়।
তিনি আরও জানান, আগামী কয়েকদিনের মধ্যে উপজেলার প্রশাসনিক ভবন নির্মাণের স্থান পরিদর্শন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব স্যার আসবেন। মূলত প্রশাসনিক ভবন নির্মাণের লক্ষ্যে উপযুক্ত স্থান নির্বাচন ও চূড়ান্তকরণের জন্য প্রাথমিক ভাবে এ পরিদর্শন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মাতামুহুরী উপজেলার বাসিন্দা ও বিএনপির সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ জানান, উপজেলার প্রশাসনিক অবকাঠামো পুর্নাঙ্গ ভাবে স্থাপনের লক্ষে উপযুক্ত স্থান নির্বাচন ও চূড়ান্তকরণে আজ সরেজমিন পরিদর্শন করেন ডিসি ও পুলিশ সুপার।
ইনশাআল্লাহ, খুব শিঘ্রই উপজেলার নানা কর্মযজ্ঞ শুরু হবে। সরকারি প্রশাসনিক ভবনের স্থাপনা গুলো বাস্তবায়িত হলে এ অঞ্চলে অবকাঠামোগত নানা ধরনের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং প্রশাসনিক নাগরিক সুবিধা মানুষের দূরগোড়ায় সহসাই পৌঁছে যাবে। এতে আর্থসামাজিক উন্নয়নে এ জনপদের নতুন গতি ফিরে আসবে।