দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন মধ্যদিয়ে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলি স্টেশন এলাকায় মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে সেখান থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে মাতামুহুরী থানার কার্যক্রম শুভ উদ্বোধন করেন। তিনি থানার অস্থায়ী ভবনের কার্যক্রমও পরিদর্শন করেছেন।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পর্যটন প্রতিমন্ত্রী রসিদুজ্জামান মিল্লাত, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, জেলা প্রশাসক মো: আ: মন্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ইউসুফ বদরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী ও সোয়াইবুল ইসলাম সবুজসহ সরকারি উর্ধ্বতন বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “এই অঞ্চল বহুদিন ধরে উন্নয়ন থেকে পিছিয়ে ছিল। মাতামুহুরি উপজেলা ও থানা গঠনের মাধ্যমে এখন থেকে প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এই উন্নয়ন শুধু একটি উপজেলার নয়, পুরো চকরিয়া-পেকুয়ার অগ্রযাত্রার নতুন অধ্যায়।”
তিনি আরও বলেন, “আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—উপকূলীয় এই জনপদের মানুষের জীবনমান উন্নয়নে যা যা প্রয়োজন, তার সবই ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এই উপজেলা বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে এবং আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
নবগঠিত মাতামুহুরি উপজেলা চকরিয়া উপজেলা থেকে পৃৃথক সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে। ইউনিয়নগুলো হলো- সাহারবিল, পূর্ব বড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা, বিএমচর, কোনাখালী, ডেমুশিয়া ও বদরখালী।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছ থেকে এক নজর দেখার জন্য মাতামুহুরী অঞ্চলের দলীয় নেতাকর্মী ও সাধারণ নারী-পুরুষ সেই দুপুর ১২টা থেকে অপেক্ষা করতে থাকেন। অবশেষে তিনি সন্ধ্যা সোয়া ৬টার দিকে ভিত্তিপ্রস্তর স্থাপনের মূল স্থানে পৌঁছালে অপেক্ষার অবসান ঘটে। এসময় তাঁকে ফুলের পাপড়ি দিয়ে স্বাগত জানান মাতামুহুরীর নারী-পুরুষ। প্রধানমন্ত্রী তারেক রহমান নবগঠিত মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন আনুষ্ঠানিক শুভ উদ্বোধনের মধ্যদিয়ে নতুন যাত্রা শুরু হলো।
এতদ্বঞ্চলের মানুষের দীর্ঘদিনের বহু কাঙ্খিত স্বপ্ন আজ সত্যি বাস্তবায়ন ঘটেছে। এখন থেকে এ জনপদের মানুষ স্বাধীন ভাবে নতুন উপজেলার বাসিন্দা হিসেবে পরিচিত লাভ করবে। তার জন্য সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ও সমুদ্র জনপদের কৃতি সন্তান স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদকে মাতামুহুরীবাসির পক্ষথেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।