শিরোনামঃ

সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের বন্দুকযুদ্ধ; আটক ৩

খাগড়াছড়ি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

খাগড়াছড়ির রামগড়ে যৌথ বাহিনীর সঙ্গে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসিত গ্রুপ)-এর সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় এক সদস্যসহ মোট তিনজনকে আটক করা হয়েছে। অভিযানে অস্ত্র ও গুলিও উদ্ধার করেছে যৌথ বাহিনী।

পুলিশ জানায়, শনিবার (১৬ মে) দুপুরে রামগড় উপজেলার বুদংছড়া এলাকায় ইউপিডিএফ এর সদস্যরা অবস্থান করছে; এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সদস্যরা গুলি ছুড়তে শুরু করলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। একপর্যায়ে গুলিবিদ্ধ অবস্থায় সুইথোয়াই মারমা (৩৫) নামে এক সদস্যসহ মোট তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একে-২২ রাইফেল, পাঁচ রাউন্ড তাজা গুলি, ওয়াকিটকি, একটি ম্যাগাজিন ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গুলিবিদ্ধ ব্যক্তিকে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL