শিরোনামঃ

দীঘিনালায় কালভার্ট ভেঙে শতাধিক পরিবারের দুর্ভোগ

খাগড়াছড়ি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১নম্বর মেরুং ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মধ্য বোয়ালখালী এলাকায় প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ একটি কালভার্ট ভেঙে পড়েছে। এতে প্রায় ২শ পরিবারের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দীর্ঘদিনের একমাত্র যোগাযোগ মাধ্যমটি ধসে পড়ায় এলাকাবাসী চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয়রা জানায়, ভেঙে যাওয়া কালভার্টটি মধ্য বোয়ালখালী গ্রামের মানুষের প্রধান যাতায়াত পথ এবং স্থানীয় কবরস্থানে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। কালভার্টটি ধসে পড়ার ফলে শিক্ষার্থী, কৃষক, নারী ও বয়স্ক ব্যক্তিদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মো. হোসেন আলী বলেন, এই কালভার্ট দিয়ে প্রতিদিন শতশত মানুষ চলাচল করে। বৃষ্টির পানিতে এটি ভেঙে যাওয়ার পর থেকে আমাদের অনেক কষ্টে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও নারীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। দ্রুত একটি নতুন কালভার্ট নির্মাণ করা প্রয়োজন।

একই এলাকার আবদুল রহিম বলেন, এটি শুধু একটি রাস্তা নয়, আমাদের গ্রামের মানুষের জীবনযাত্রার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। কবরস্থানে যেতে, রোগী নিয়ে হাসপাতালে যেতে এবং দৈনন্দিন কাজে বের হতে এখন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

কালভার্টটি ভেঙে পড়ায় শুধু সাধারণ যাতায়াতই নয়, জরুরি সেবাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে কোনো মৃত্যু ঘটলে জানাজা ও দাফনের জন্য কবরস্থানে পৌঁছানো, অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই কালভার্টটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও যথাযথ সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে এটি দুর্বল হয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রবল স্রোতে শেষ পর্যন্ত কালভার্টটি সম্পূর্ণ ভেঙে যায়। ফলে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষা মৌসুম অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, মধ্য বোয়ালখালী এলাকার কালভার্ট ভেঙে পড়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, ভেঙে পড়া কালভার্টটি দ্রুত পুনর্নির্মাণের দাবিতে এলাকাবাসী উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে চলমান বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে এবং শত শত মানুষ কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে।
স্থানীয়দের একটাই দাবি—দ্রুত নতুন কালভার্ট নির্মাণ করে মধ্য বোয়ালখালীর মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হোক।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL