খাগড়াছড়ি রিজিয়নের পানছড়ি সাবজোন কর্তৃক পানছড়ি উপজেলার চৌধুরীপাড়া এলাকায় কৃষি খামারিদের জন্য হাতে-কলমে বিভিন্ন ধরনের কম্পোস্ট সার প্রস্তুতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে পানছড়ি উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরুণাঙ্করের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় কৃষকদের জৈব সার উৎপাদনের আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতি সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
এ কর্মশালায় সদর ইউনিয়ন চেয়ারম্যান উচিৎ মনি চাকমা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চৌধুরীপাড়া, ইটাখোলা ও পাইলট ফার্ম এলাকার প্রায় ৭০ জন নারী-পুরুষ কৃষি খামারি অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে তারা সহজেই গৃহস্থালির জৈব বর্জ্য ব্যবহার করে নিজস্ব প্রয়োজনীয় কম্পোস্ট সার উৎপাদন করতে পারবেন। এতে একদিকে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমবে, অন্যদিকে উৎপাদন খরচ হ্রাস পেয়ে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে বলে তারা আশা প্রকাশ করেন।