রাঙ্গমাটির বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা—এই আহ্বানে বাঘাইছড়িতে নতুন বছরকে বরণ করে নিয়েছে সর্বস্তরের মানুষ। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় বৈশাখী রঙিন প্ল্যাকার্ড, ফেস্টুন আর বাঙালির ঐতিহ্যবাহী পোশাকে সেজে শোভাযাত্রায় অংশ নেন প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা। শোভাযাত্রাটি উপজেলা সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে স্থানীয় শিল্পীদের কণ্ঠে বর্ষবরণের গানে মুখরিত হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী,পৌর বিএনপি'র সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপি সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মজুমদার, উপজেলা কৃষি অফিসার নুর আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান বলেন, বাঙালি সংস্কৃতির এই ঐতিহ্যকে ধারণ করে আমরা একটি সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নিচ্ছি
নতুন বছরে সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন। সব মিলিয়ে আনন্দ আর উৎসবের আবহে বাঘাইছড়িতে বরণ করে নেওয়া হয় ১৪৩৩ কে।