ফেনী শহরের মহিপাল ফ্লাইওভারের নিচে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এক মোবাইল কোর্ট অভিযানে মাদকসহ দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
অপরাধ স্বীকার করায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
আজ মঙ্গলবার (৯ই জুন, ২০২৬) বিকেলে জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়ার নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, ফেনীর উদ্যোগে ফেনী মডেল থানাধীন মহিপাল ফ্লাইওভার এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
সূত্রে জানা যায়, অভিযানে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮' এর সংশ্লিষ্ট ধারায় অপরাধীদের প্রত্যেককে ১০০ (একশত) টাকা অর্থদণ্ড এবং ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সজাপ্রাপ্ত আসামিরা হলেন:
১. মো: পাবেল (১৯): পিতা- মৃত সোহেল, মাতা- খতিজা স্থায়ী ঠিকানা: গ্রাম- ছবিরপাইক (২ নং ওয়ার্ড, কবিরহাট ইউপি), থানা- কবিরহাট, জেলা- নোয়াখালী। বর্তমান ঠিকানা: আমজাদের গলি, ফেনী পৌরসভা।
২. মো: তানজিল হোসেন (২৬): পিতা- মো: দেলোয়ার হোসেন, মাতা- নিগার সুলতানা স্থায়ী ঠিকানা: গ্রাম- রামপুর (৭ নং ওয়ার্ড, রামপুর ইউপি), থানা- কোম্পানীগঞ্জ, জেলা- নোয়াখালী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা প্রশাসনের সহযোগিতায় ডিএনসি-এর এই ধরণের মাদকবিরোধী চিরুনি অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।