শিরোনামঃ

পটিয়া উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

পটিয়া প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বহুল প্রত্যাশিত মিনি স্টেডিয়ামের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার কচুয়াই ইউনিয়নের জলুয়ার দিঘীপাড় এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন অভূতপূর্ব গতিতে এগিয়ে যাচ্ছে। ক্রীড়াবান্ধব নানা উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। পাশাপাশি দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের কাজও শুরু হয়েছে।

তিনি বলেন, “নির্ধারিত নকশা অনুযায়ী অত্যন্ত সুচারুভাবে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। তবে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয় জনগণ, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্টদেরকেই নিতে হবে। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সুস্থ, মাদকমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ জাতি গঠনের অন্যতম হাতিয়ার।”
প্রতিমন্ত্রী আরও জানান, আগামী সেপ্টেম্বর মাস থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় ধাপ শুরু হবে। ইউনিয়ন পর্যায় থেকে দল গঠনের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে, যা তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, “পটিয়ার এই আধুনিক মিনি স্টেডিয়াম ভবিষ্যতে জাতীয় পর্যায়ের অসংখ্য প্রতিভাবান খেলোয়াড় তৈরির কেন্দ্র হয়ে উঠবে। সরকারের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হবে বলে আমি আশাবাদী।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি বলেন, পটিয়ার ক্রীড়াঙ্গনের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ মিনি স্টেডিয়াম বাস্তবায়ন হতে যাচ্ছে। এর মাধ্যমে স্থানীয় খেলোয়াড়রা আধুনিক সুযোগ-সুবিধা পাবে এবং জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ সৃষ্টি হবে।
উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান (এনডিসি), উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক মাহবুব মোরশেদ সোহেল, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম, ক্রীড়া সংস্থার সদস্য সচিব মইনুল আলম ছোটন, জেলা বিএনপির সাবেক সহ-অর্থ সম্পাদক মোরশেদ শফি হিরুসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে অতিথিরা মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের বিভিন্ন দিক পরিদর্শন করেন এবং দ্রুত ও মানসম্মতভাবে নির্মাণকাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, পটিয়ায় মিনি স্টেডিয়াম নির্মিত হলে খেলাধুলার প্রসারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পটিয়ার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণসঞ্চার করবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL