শিরোনামঃ

পটিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

পটিয়া প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের পটিয়া উপজেলার জৌলুর দিঘীর পশ্চিম পাড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক ব্যক্তি।

মঙ্গলবার (৯ জুন) রাত ৮টার দিকে সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত যুবকের নাম পঙ্কজ শীল (৩৫)। তিনি ওই এলাকার মিলন শীলের ছেলে। আহত তিলক শীল (৩৫) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পঙ্কজ ও তিলক স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে জৌলুর দিঘীর পশ্চিম পাড় এলাকায় পৌঁছালে তারা তিনজন সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পান। তাদের মধ্যে একজন বোরকা পরিহিত ছিলেন। বিষয়টি নিয়ে সন্দেহ হলে তারা টর্চলাইটের আলো ফেলে পরিচয় নিশ্চিত করার চেষ্টা করেন। এ সময় ওই ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায়।
একপর্যায়ে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে পঙ্কজ ও তিলক গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় পঙ্কজ শীলের মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, হামলার ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত চালিয়ে যাচ্ছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL