শিরোনামঃ

পেকুয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৫

নাজিম উদ্দিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নাজিম উদ্দিন
ছবি: নাজিম উদ্দিন

কক্সবাজারের পেকুয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সকাল ৯টার দিকে টৈইটং ইউনিয়নের টৈইটং বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
​আহতরা হলেন, টৈইটং ইউনিয়নের সিকদার পাড়া এলাকার আমিনের ছেলে শাহাদাত (২৫), সদর ইউনিয়নের হরিনাফঁড়ি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে শহিদ (২৬), রিমন উল হোছাইন (১২), হোসেন আলী (৭০) এবং তাঁর স্ত্রী পাখি (৬০)।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল নয়টার দিকে পেকুয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাস (চট্টমেট্রো-ব ১১-১৭০৭) টৈইটং বাজার এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ পাঁচ আরোহী গুরুতর আহত হন।
​দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের চিকিৎসা চলছে এবং এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের প্রক্রিয়া চলছে। এদিকে দুর্ঘটনার পর আঞ্চলিক সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যাহত হয় এবং স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
​পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি অটোরিকশাটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL