কক্সবাজারের পেকুয়া উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারে (পেকুয়া বাজার) দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে কোনো একসময় বাজারের কামাল চেয়ারম্যান মার্কেট (কেএসএম) মার্কেটে এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, পেকুয়া বাজারের কামাল চেয়ারম্যান মার্কেট (কেএসএম) একটি ত্রিতল ভবন। ভবনটির দ্বিতীয় তলায় রয়েছে পূবালী ব্যাংক। নিচতলায় রয়েছে কীটনাশক, রড-সিমেন্ট ও বিরিয়ানির খাবারের দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান।
চোরের দল রাতের কোনো একসময় মার্কেটের তৃতীয় তলার ছাদের পিলারে থাকা প্রায় ৩৫টি লোহার রড গ্রাইন্ডার মেশিন দিয়ে কেটে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, পাশের কোনো দোকানের ছাদ বেয়ে চোরের দল মার্কেটের ছাদে উঠে এ ঘটনা ঘটিয়েছে।
কামাল হোসেন চেয়ারম্যানের ছেলে অ্যাডভোকেট রাশেদুল কবির বলেন, চোরের দল রাতে তাদের মার্কেটের তৃতীয় তলার ছাদের পিলারে থাকা ৩৫টি লোহার রড গ্রাইন্ডার মেশিন দিয়ে কেটে নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, পাশের দোকানের ছাদ বেয়ে চোরের দল মার্কেটে প্রবেশ করেছে। রডগুলো রাখা হয়েছিল চতুর্থ তলা ভবনের ছাদের জন্য।
এদিকে, পেকুয়া বাজারে নৈশপ্রহরী থাকার পরও ধারাবাহিকভাবে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। জনবহুল ও ব্যস্ততম এই বাণিজ্যিক কেন্দ্রে একের পর এক চুরির ঘটনায় বাজারের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
ব্যবসায়ীরা বাজারে রাতের নিরাপত্তা জোরদার এবং চুরির ঘটনাগুলো তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।