চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পালেগ্রামে অবস্থিত শতবর্ষী শ্রী শ্রী আদি নিমকালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে প্রতিমার স্বর্ণালংকার ও পূজার সামগ্রী চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও বাঁশখালী পূজা উদযাপন কমিটির সদস্য সচিব মিন্টু কান্তি পাল জানান, শ্রী শ্রী আদি নিমকালী মন্দিরটি এলাকার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান। আনুমানিক ১৭১০ খ্রিষ্টাব্দে তৎকালীন জমিদার রাম সুন্দর শর্মা এ মন্দির প্রতিষ্ঠা করেন। স্থানীয়দের বিশ্বাস, তিনি স্বপ্নাদেশ পেয়ে মানিক পাঠান গ্রামের সোনাইছড়ি খাল থেকে ভেসে আসা নিম কাঠ দিয়ে মা কালীর প্রতিমা নির্মাণ করেন। পরবর্তীতে এক সন্ন্যাসীর মাধ্যমে মন্দিরে পূজার্চনা শুরু হয়।
তিনি আরও বলেন, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় উপাসনা শেষে মন্দিরের কর্মচারীরা তালাবদ্ধ করে মন্দির ত্যাগ করেন। পরে রোববার ভোরে বাল্যভোগ দিতে এসে সেবায়েত কার্তিক পাল দেখতে পান, মূল ফটক ও মন্দিরের প্রবেশদ্বারের তালা ভাঙা। দুর্বৃত্তরা গর্ভগৃহে প্রবেশ করে প্রতিমায় থাকা আনুমানিক ৫ ভরি স্বর্ণালংকার এবং পূজার কাজে ব্যবহৃত কাঁসা-পিতলের সামগ্রী চুরি করে নিয়ে যায়।
মন্দিরের সেবায়েত কার্তিক পাল বলেন, “প্রায় সাড়ে তিনশ বছরের পুরোনো এই মন্দিরে এর আগে কখনো চুরির ঘটনা ঘটেনি। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মন্দিরে এসে চুরির বিষয়টি জানতে পারি। পরে বিষয়টি মন্দির কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশকে জানানো হয়।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রবাস পাল বলেন, “রাত আনুমানিক ১২টা থেকে ৩টার মধ্যে কোনো একসময় চোরের দল তালা ভেঙে মন্দিরে প্রবেশ করে। তারা প্রতিমার স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
এ বিষয়ে রামদাসহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বাকসী বলেন, “মন্দিরের প্রধান ফটকের তালা ভেঙে চোরেরা প্রবেশ করে। স্বর্ণ ও রুপার অলংকার চুরির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে