বাঁশখালী উপজেলায় ইয়াবা সেবনের দায়ে এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ মে) সকালে পৌরসভার মিয়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. সোহেল (৩৬)। তিনি উপজেলার উত্তর জলদী পৌরসভার ভাদালিয়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন কসাই।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় মো. সোহেলকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধ স্বীকার করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন জানান, দণ্ডপ্রাপ্ত সোহেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি তার উপার্জনের বড় একটি অংশ ইয়াবা ক্রয় ও সেবনের পেছনে ব্যয় করতেন। এর আগেও প্রায় এক মাস আগে ইয়াবা সেবনের দায়ে তিনি কারাভোগ করেছেন।