বাঁশখালী উপজেলায় বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ হাছান (২৪) উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকার মোহাম্মদ বশরের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত চাচা নাছির উদ্দিন ও তাঁর ছেলে রাকিব পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, একই এলাকার দুই ভাই মোহাম্মদ. বশর ও নাছির উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় ধান রাখা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে নাছির উদ্দিন ও তাঁর ছেলে রাকিব লাঠি দিয়ে হাছানের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্বজনরা আহত হাছানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. বশরও গুরুতর আহত হয়েছেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।