শিরোনামঃ

বিলাসবহুল গাড়িতে করের চাপ বাড়ছে, প্রথমবার অগ্রিম করের আওতায় বৈদ্যুতিক যান

কাঞ্চন চক্রবর্ত্তী
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: কাঞ্চন চক্রবর্তী
ছবি: কাঞ্চন চক্রবর্তী

রাজস্ব আহরণ বৃদ্ধি এবং উচ্চমূল্যের যানবাহনের ওপর কর কাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে আগামী ২০২৬-২৭ অর্থবছরে উচ্চ সিসির ব্যক্তিগত গাড়ির ওপর অগ্রিম আয়কর উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে প্রথমবারের মতো বৈদ্যুতিক মোটরযানকে ক্ষমতাভিত্তিক অগ্রিম করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন অর্থবছরে ১ হাজার ৫০০ সিসির নিচের ব্যক্তিগত গাড়ির জন্য অগ্রিম কর অপরিবর্তিত রেখে ২৫ হাজার টাকা নির্ধারণ করা হতে পারে। এছাড়া ১ হাজার ৫০০ থেকে ২ হাজার সিসি পর্যন্ত গাড়ির জন্য ৫০ হাজার টাকা এবং ২ হাজার থেকে ২ হাজার ৫০০ সিসি পর্যন্ত গাড়ির জন্য ৭৫ হাজার টাকা অগ্রিম কর বহাল রাখা হচ্ছে।
তবে ২ হাজার ৫০০ সিসির বেশি ক্ষমতার গাড়ির ক্ষেত্রে করের হার উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার সিসি পর্যন্ত গাড়ির অগ্রিম কর বর্তমান ১ লাখ ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হবে। একইভাবে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে অগ্রিম কর ১ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হতে পারে।
বর্তমানে সাড়ে ৩ হাজার সিসির বেশি সব ধরনের ব্যক্তিগত গাড়ির জন্য ২ লাখ টাকা অগ্রিম কর নির্ধারিত থাকলেও নতুন অর্থবছরে এ শ্রেণিতে স্তরভিত্তিক নতুন কাঠামো চালু করা হচ্ছে। এর আওতায় সাড়ে ৩ হাজার থেকে সাড়ে ৪ হাজার সিসি পর্যন্ত গাড়ির জন্য ৪ লাখ টাকা এবং সাড়ে ৪ হাজার সিসির বেশি ক্ষমতার গাড়ির জন্য ৫ লাখ টাকা অগ্রিম কর দিতে হবে।
অন্যদিকে মাইক্রোবাস ও ডাবল কেবিন পিকআপের ক্ষেত্রেও কর বাড়ানোর প্রস্তাব রয়েছে। আগামী অর্থবছরে প্রতিটি মাইক্রোবাস ও ডাবল কেবিন পিকআপের জন্য অগ্রিম কর ৪০ হাজার টাকা নির্ধারণ করা হতে পারে। বর্তমানে মাইক্রোবাসের ক্ষেত্রে এ করের পরিমাণ ৩০ হাজার টাকা।
এদিকে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার অংশ হিসেবে দেশে বৈদ্যুতিক মোটরযানের ব্যবহার বাড়লেও এতদিন এসব যানবাহনের ওপর কোনো অগ্রিম কর ছিল না। তবে আগামী অর্থবছরে প্রথমবারের মতো বৈদ্যুতিক মোটরযানকে করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ২০১ থেকে ৩০০ কিলোওয়াট ক্ষমতার বৈদ্যুতিক মোটরযানের জন্য ৫০ হাজার টাকা, ৩০১ থেকে ৪০০ কিলোওয়াট ক্ষমতার মোটরযানের জন্য ৭৫ হাজার টাকা এবং ৪০১ কিলোওয়াটের বেশি ক্ষমতার মোটরযানের জন্য ১ লাখ টাকা অগ্রিম কর আরোপ করা হতে পারে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, উচ্চমূল্যের ও অধিক ক্ষমতাসম্পন্ন যানবাহনের মালিকদের কাছ থেকে অধিক রাজস্ব আদায়ের পাশাপাশি কর ব্যবস্থাকে আরও বাস্তবসম্মত ও স্তরভিত্তিক করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রস্তাবিত কর কাঠামো জাতীয় সংসদে বাজেট পাসের পর কার্যকর হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL