পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ৪টি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ২৮মে সবার জন্য ভ্রমণ উন্মুক্ত করা হয়েছিল আর এবার সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে ২৮ ও ২৯ মে দুইদিন বিনামুল্যে প্রবেশের ঘোষনা দিয়েছে জেলা প্রশাসন, এর ফলে পর্যটকদের প্রতিস্পটে জনপ্রতি ৫০ টাকা করে সাশ্রয় হবে।
সোমবার (২৫ মে) বিকেলে বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রে আগামী ২৮ ও ২৯ মে দুইদিন সকল দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের জন্য ঈদ উপলক্ষে পর্যটনকেন্দ্রগুলো ভ্রমনে ছাড়ের ঘোষনায় খুুশি পর্যটকরা। জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। এই ধরনের পদক্ষেপ পর্যটন খাতকে আরও প্রাণবন্ত করে তুলবে এবং পর্যটকদের বান্দরবান ভ্রমনে আগ্রহ বৃদ্ধি করবে বলে আশাবাদী সকলে।
বান্দরবান জীপ,মাইক্রোবাস,কার মালিক সমবায় সমিতির সভাপতি মো.নাছিরুল আলম জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে এবারের ঈদে ২৮ ও ২৯ মে পর্যটকদের ভ্রমনের জন্য বিনোদনকেন্দ্রগুলো ফ্রি করে দেওয়ায় সকলে খুশি, আর এই ঘোষনায় এবার বান্দরবানে আশা রাখছি আরো পর্যটক বাড়বে।
উল্লেখ্য: এর আগে বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে শুধু ২৮মে একদিন ৪টি পর্যটন কেন্দ্র খোলা রাখার ঘোষনা দেয়া হয়েছিল, আর এবার পর্যটকদের সুবিধার কথা বিবেচেনা করে সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ২৮ ও ২৯ মে দুইদিন বান্দরবানের জনপ্রিয় পর্যটনকেন্দ্র নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেকে বিনামুল্যে প্রবেশের ঘোষনা দেয়া হয়।