খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নে বজ্রপাতে নিহত উসিমং মারমা (৫৭) ও তাঁর স্ত্রী চাইয়্যাং মারমার (৫২) পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
রোববার (২৩ আগস্ট) বিকেলে নিহতদের পরিবারের খোঁজখবর নিতে মাইসছড়ি ইউনিয়নের থলিপাড়ায় যান মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরফানুল হক চৌধুরী। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সহায়তা প্রদানকালে ইউএনও নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং যেকোনো প্রয়োজনের বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন মাইসছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাই মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা।
উল্লেখ্য, শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটের দিকে মাইসছড়ি ইউনিয়নে বজ্রপাতে উসিমং মারমা ও তাঁর স্ত্রী চাইয়্যাং মারমার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।