রোববার (২৩ আগস্ট ২০২৬) মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে কিশোরী শিক্ষার্থীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য, স্বাস্থ্য অধিকার, মাসিককালীন স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মতভাবে মাসিক ব্যবস্থাপনা এবং এ বিষয়ে প্রচলিত ভুল ধারণা দূর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ডায়মন্ড খীসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সুইহ্লা অং রাখাইন, স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম এবং প্রচার ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. কাউছারুল ইসলাম। উক্ত সভার সঞ্চালনা করেন জাবারাং কল্যান সমিতির প্রোগ্রাম অফিসার পূর্ণ বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিকার ফোরামের উপজেলা সভাপতি বিপুল চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি মহিলা কল্যাণ সমিতির জেন্ডার ফোকাল পারসন স্বপ্না চাকমা।
আলোচনা সভায় বক্তারা বলেন, কৈশোরকাল একজন মানুষের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে কিশোর-কিশোরীদের সঠিক তথ্য, স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে কিশোরীদের মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তাদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরি করতে পরিবার, বিদ্যালয় ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সঠিক ও বিজ্ঞানভিত্তিক তথ্য জানার সুযোগ তৈরি হলে কিশোর-কিশোরীরা নিজেদের স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠবে। একই সঙ্গে স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে তাদের আত্মবিশ্বাসও বাড়বে।
সভা শেষে ৫০ জন কিশোরী শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয় এবং শিক্ষার্থীদের সাথে সার্বিক বিষয় নিয়ে সচেতনতা মূলক সেমিনার করা হয়।