রাঙ্গুনিয়া উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার লালানগর ইউনিয়নের প্রায় ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এটিএম রেজাউল করিম।
লালানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মিনহাজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শওকত হোসেন, সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, রাঙ্গুনিয়া যুব ফোরামের সভাপতি সরোয়ার হোসেন, সেক্রেটারি মহিউদ্দিন বাবু, লালানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি শরীফ চৌধুরী, জসিম উদ্দিন, অ্যাডভোকেট নিশান, মুমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। তারা সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানান।
ত্রাণ বিতরণের সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. এটিএম রেজাউল করিম বলেন, ছোটবেলায় তারা অনেক বন্যা দেখেছেন, কিন্তু তখন পানি জমে থাকত না। বর্তমানে মানুষ রাস্তাঘাট, খাল ও নালা বন্ধ করে ঘরবাড়ি নির্মাণ করছে, যার ফলে পানি নিষ্কাশনের পথ না থাকায় ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনকে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং যারা খাল-নালা বন্ধ করে ঘরবাড়ি নির্মাণ করেছে সেগুলো খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বর্তমানে অবৈধভাবে পাহাড় কাটা, বৃক্ষ নিধন এবং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর পাড় ভেঙে ঘরবাড়ি ও জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাহাড়ধসেও ক্ষতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এছাড়া জলাবদ্ধতার কারণেও এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছেন বলে জানান তিনি এবং এ বিষয়ে প্রশাসনের তৎপর হওয়ার আহ্বান জানান।