শিরোনামঃ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শিশুদের উৎসাহে চকলেট বিতরণ

রাংগুনিয়া প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার পোমরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি টিকা গ্রহণ শেষে শিশুদের সঙ্গে স্নেহপূর্ণ আচরণ করেন এবং তাদের হাতে চকলেট তুলে দিয়ে উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জামিলা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিপি রানী গোপ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু রায়হান এবং উপজেলা এমওডিসি ডা. মো. ইসমাঈল হোসেন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্বাস্থ্যকর্মী এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ ক্যাম্পেইনের আওতায় রাঙ্গুনিয়া উপজেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৫২ হাজার ৯০৬ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। ২০ এপ্রিল শুরু হওয়া এই কার্যক্রম আগামী ১০ মে পর্যন্ত উপজেলার বিভিন্ন স্কুল ও কমিউনিটি পর্যায়ে স্থাপিত টিকাদান কেন্দ্রে একযোগে চলবে।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও মো. নাজমুল হাসান বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ কেন্দ্রে শিশুদের টিকা প্রদানের বিষয়টি নিশ্চিত করতে তিনি সকলের প্রতি অনুরোধ জানান।
উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে ২০ দিনব্যাপী এ কর্মসূচি সফল করতে মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট কর্মীরা নিরলসভাবে কাজ করে যাবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL