শিরোনামঃ

পানির বোতল ভেবে এসিড পান: রামুতে শ্রমিকের মৃত্যু

রামু প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

কক্সবাজারের রামু উপজেলায় পানির বোতল ভেবে ভুলবশত এসিড পান করে মোঃ ওসমান (৬০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দিনগত রাত পৌনে ২টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
​নিহত ওসমান উপজেলার ২নং গর্জনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড়বিল গ্রামের মৃত ইসলামের ছেলে। পেশায় শ্রমিক ওসমান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে নিয়ে একটি বড় পরিবারের দায়িত্ব পালন করছিলেন।
​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার (২৫ জুন) রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির বারান্দায় ঘুমাচ্ছিলেন ওসমান। হঠাৎ তৃষ্ণা অনুভব করায় তিনি পাশে থাকা একটি বোতল থেকে পানি পান করেন। পানি পান করার কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থার তীব্র অবনতি হতে থাকে। পরিবারের সদস্যরা দ্রুত বোতলটি পরীক্ষা করে দেখতে পান যে, তাতে পানি নয়, বরং মারাত্মক ক্ষতিকর এসিড ছিল।
​পরিবারের লোকজন তাকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে দীর্ঘ সময় মৃত্যুর সাথে লড়াই করার পর গভীর রাতে তার মৃত্যু হয়।
​এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আকস্মিক এ ঘটনায় শোকাতুর পরিবার ও স্বজনরা মানসিকভাবে ভেঙে পড়েছেন।
​ঘটনার তদন্তকারী কর্মকর্তা ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জুয়েল চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে, এটি একটি দুর্ঘটনা। ভুক্তভোগী ব্যক্তি ভুলবশত পানির বোতল মনে করে সালফিউরিক এসিড পান করে ফেলেছিলেন।

​বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত হতে স্থানীয় এলাকাবাসী সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL