রামু থেকে পাঞ্জেগানা সড়কে চলাচলকারী অটোরিকশা (টমটম)-এর ভাড়া ১০ টাকা থেকে একলাফে ২০ টাকা করায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও শিক্ষার্থীরা। আকস্মিক এই ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে প্রতিদিনই চালক ও যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডা এবং অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে কিছু চালক আগের মতো ১০ টাকা ভাড়া নিলেও অনেকেই ২০ টাকা আদায় করছেন। এ নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
অভিযোগ রয়েছে, ভাড়া বৃদ্ধির পেছনে একটি প্রভাবশালী সিন্ডিকেট কাজ করছে। অভিযোগ অনুযায়ী, সিন্ডিকেটের সদস্যরা বিভিন্ন অটোরিকশার গ্যারেজে গিয়ে চালকদের ২০ টাকা ভাড়া আদায়ের জন্য চাপ দিচ্ছেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যুৎ বিল বৃদ্ধির কারণে গ্যারেজ মালিকরা দৈনিক চার্জ ৩০ টাকা বাড়িয়েছেন। এ কারণেই ভাড়া বৃদ্ধি করা হয়েছে বলে তারা দাবি করেন।
তবে স্থানীয়দের দাবি, যেসব চালক নিজস্ব বাড়িতে অটোরিকশা চার্জ দেন, তারা এখনো ১০ টাকা ভাড়ায় যাত্রী পরিবহন করছেন। ফলে ভাড়া বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
যাত্রীদের আশঙ্কা, টমটমের ভাড়া বৃদ্ধি পেলে সিএনজি চালিত অটোরিকশার ভাড়াও বাড়তে পারে, যার প্রভাব পড়বে সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত ব্যয়ে।
স্থানীয়দের ভাষ্যমতে, রামু থেকে পাঞ্জেগানা সড়কটি ভালো অবস্থায় রয়েছে এবং এই পথ অতিক্রম করতে সাধারণত ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে। তাই এত স্বল্প দূরত্বে একলাফে ১০০ শতাংশ ভাড়া বৃদ্ধি অযৌক্তিক বলে তারা মনে করছেন। তাদের মতে, প্রয়োজন হলে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে সীমিত পরিমাণে ভাড়া সমন্বয় করা যেতে পারে, কিন্তু ভাড়া দ্বিগুণ করা গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ এবং ভাড়া নির্ধারণে স্বচ্ছ ও যৌক্তিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী ও শিক্ষার্থীরা।